পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

আগের সংবাদ

সাভারে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

ডাকসু নির্বাচনের দায়িত্বে ২০৯৬ জন পুলিশ, থাকবে র‍্যাব-বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:৫০ অপরাহ্ণ, ০৮/০৯/২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, গত ১০ দিন থেকে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল, আগামীকালও ভালো থাকবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা ১০ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বহাল থাকবে। যদি প্রয়োজন হয় সময় আরো বৃদ্ধি করা হবে।

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকায় এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, আজ এখানে ডিএমপির এক হাজার ৭৭১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। আগামীকাল দুই হাজার ৯৬ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এ ছাড়া র‍্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও থাকবেন।

ক্যাম্পাসে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সকল লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বহন নিষিদ্ধের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার আরো বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতাবলে আজ সোমবার রাত ৮ টা থেকে ১১ তারিখ দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি।

তিনি আরো বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। ক্যাম্পাস পুরো নিরাপত্তার চাদরে ঢাকা আছে। আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতের নাগালেই পাবেন। তাই অপরাধীকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেবেন।

কমিশনার আরো বলেন, আগামীকাল ডাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে, নিরাপত্তার ভেতরে অনুষ্ঠিত হবে। এখানে কোনো দুর্ঘটনা হবে না। সকলকে এ ব্যাপারে আশ্বস্ত করছি।

এই বিভাগের সর্বশেষ