সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম (৪২)শিমুলিয়া ইউনিয়নের রণস্থল বাইনটেকি এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার এবং ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়াও তিনি শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানায় পুলিশ।
জানা যায়, বিগত ২০২২ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে জয় লাভ করেন এবিএম আজহারুল ইসলাম সুরুজ। এর কিছুদিন পরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর এক বিশেষ সভায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচন করে উপজেলা প্রশাসন।
পরে ৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেন ততকালীন উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম। এরপরে ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর শিমুলিয়া ইউনিয়ন সহ সাভারের অন্তত ৮টি ইউনিয়ন পরিচালনার জন্য সাভার উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে পর্যন্ত শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তার নামে বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, বৈষম্য বিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।