টানা দ্বিতীয় বছর ব্যালন ডি’অর পুরস্কারে মনোনীত হননি ক্রিশ্চিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকার কাছে এখন এই পুরস্কার মূল্যহীন।
২০২৪ সালে সবাই ভাবছিলেন, ব্যালন ডি’অর জিতবেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু ব্রাজিলিয়ান তারকাকে পেছনে ফেলে এই পুরস্কার জিতে নেন ম্যানচেস্টার সিটির রদ্রিদ। সে সময়ও রোনালদো বলেছিলেন, ব্যালন ডি’অর তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
এবারের অর্থাৎ ২০২৫ ব্যালন ডি’অরে ৩০ জনের মনোনীত তালিকায় নেই লিওনেল মেসি কিংবা রোনালদোর নাম। যাদের নাম আছে, তাদের নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রোনালদো। বরং এককথায় বলে দিয়েছেন, ব্যালন ডি’অর তার কাছে কাল্পনিক বা মনগড়া মনে হয়।
পর্তুগালে গতকাল প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে হারায় আল নাসর। সৌদি ক্লাবটির হয়ে হ্যাটট্রিক করেন রোনালদো। এ ম্যাচের পর ‘স্পোর্ট টিভি পর্তুগাল’ পর্তুগিজ যুবরাজের কাছে জানতে চেয়েছিল, এবার ব্যালন ডি’অর জিততে পারেন কে? রোনালদো এককথায় বলেন, ‘এটা আমার কাছে মনগড়া লাগে।’
এবার ব্যালন ডি’অরে মনোনয়ন না পেলেও ২০২৪-২৫ মৌসুম কিন্তু খারাপ কাটেনি রোনালদোর। ক্লাবের হয়ে ৩৫ গোলের পাশাপাশি দেশের হয়ে করেছেন ৮ গোল। জিতেছেন নেশনস লিগ শিরোপা।