ঢাকার আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন শ্রমিক দম্পতি। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) রাত ৮ টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার রণস্থল বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- কুড়িগ্রাম জেলার উলিপুর থানার বাসিন্দা মিন্টু মিয়া (৩৫) ও তার স্ত্রী ববিতা (৩০)। তারা আশুলিয়ার রণস্থল বটতলা এলাকার নজরুল ইসলামের বাড়ির ভাড়া বাসায় থেকে স্থানীয় ডিজাইনার ফ্যাশন লিমিটেড কারখানায় কাজ করতেন।
বাড়ির মালিক নজরুল ইসলাম বলেন, মিন্টু ও ববিতা দুইজনে একই কারখানায় কাজ করেন। গতকাল রাতে কাজ শেষে বাসায় ফিরে মিন্টু ধুমপান করার জন্য বাড়ান্দার রান্না ঘরে যান। আগুন জ্বালানোর সাথে সাথে তার শরীরেও আগুন লাগে। ওইসময় ববিতাও কাছাকাছি থাকায় তার শরীরেরও আগুন লাগে।
স্থানীয়রা জানায়, আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতাল এবং পরে ঢাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়া যান। সেখান থেকে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করা হয়।
ববিতার চাচাতো ভাই শ্রী প্রেমানন্দ চন্দ্র বর্মণ বলেন, আমার বোন ববিতা ও ভগ্নিপতি মিন্টুকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমার ভগ্নিপতির অবস্থা ভাল না বলে জানিয়েছে চিকিৎসক, তবে বোনের অবস্থা তুলনামূলক ভাল।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, গতকাল রবিবার রাতে দগ্ধ মিন্টু ও ববিতাকে জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনিস্টিটিউটে আনা হয়। আগুনে মিন্টুর শরীরের ৬০ শতাংশ ও ববিতার ৩৫ শতাংশ পুড়ে গেছে।