আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনায় একটি ভবনের দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত ৬ জন দগ্ধ ও আহত হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল সোয়া ৭ টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট সংলগ্ন বাদিয়ারপাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। আহতদের মধ্যে ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, জুয়েল মিয়া নিম্ন মানের নির্মান সামগ্রী ও অপরিকল্পিতভাবে বাড়ি নির্মান করে ভাড়া দিয়েছিলেন। সেই বাড়ির একটি কক্ষের ভাড়াটিয়া জহুরুল ইসলাম তার পরিবার নিয়ে থাকতেন। সকালে রান্নার জন্য চুলা ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দ হয়ে বিস্ফোরণ হয়। এর ফলে ভবনটি ধসে পরে। এ ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়। আহতদের মধ্যে বেশির ভাগ অগ্নিদগ্ধ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন ওর রশিদ বলেন, সকালে দগ্ধ অবস্থায় পাঁচজন আমাদের এখানে আসে তার মধ্যে চারজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার বলেন, লিকেজ থেকে জমা গ্যাসের কারনে বিস্ফোরণ হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কোন ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে।