রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নুন (৮) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। এ সময় কাপড় ধোয়ায় ব্যস্ত ছিলেন তার প্রতিবন্ধী আত্মীয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া মডেল হাইস্কুলের পেছনে মরা পদ্মায় গোসল করতে নেমে তার মৃত্যু হয়। শিশুটির মা ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছেন।
নুন স্থানীয় হোসেন মণ্ডলপাড়ার বাসিন্দা বক্কার সরদার এবং মাজেদা বেগম দম্পতির ছোট সন্তান। শিশুটি স্থানীয় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
শিশুটির বাবা বক্কার সরদার বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজনে মিলে কেকেএস স্কুলের গেটের সামনে ছোট্ট একটা দোকান করি। স্কুল ছুটির পর নুন প্রতিদিনের মতো একাই বাড়িতে চলে যায়। বাড়িতে নুনকে দেখাশোনা করার জন্য বাক ও শ্রবণ প্রতিবন্ধী আমার এক আত্মীয় রয়েছেন। তার সঙ্গে মরা পদ্মায় গোসল করতে গেলে নুন পানিতে ডুবে মারা যায়।
তিনি জানান, প্রতিবন্ধী আত্মীয় তখন কাপড় ধোয়া নিয়ে ব্যস্ত থাকায় সে কোনো কিছু বুঝতে পারেনি। বেশ কিছুক্ষণ তাকে না দেখতে পেয়ে উপস্থিত সবাই চিৎকার-চেঁচামেচি করতে থাকে। খবর পেয়ে আমরাও তৎক্ষণাৎ সেখানে গিয়ে অন্যদের সহযোগিতায় নুনকে পানিতে খুঁজতে থাকি। কিছু সময় পর তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।