এমন অনেককে পাওয়া যাবে যার সারাদিন বমি বমি লাগার সমস্যা রয়েছে। এমনটা হলে কোনো কাজেই মনোনিবেশ করা সম্ভব হয় না। বমি বমি লাগার অনেকগুলো কারণ থাকতে পারে। নারী গর্ভবতী হলে এই সমস্যা দেখা দেয়। বিশেষ করে সকালের দিকে তার বমি বমি বেশি লাগে। এছাড়াও মাইগ্রেন, লিভারের সমস্যা, পেটের জটিলতা, পিরিয়িডের সময়, কেমোথেরাপির কারণেও বমি হতে পারে।
বমি কিংবা বমি বমি ভাব হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ খাবেন না। এ ধরনের সমস্যায় তাই চিকিৎসকের পরামর্শ নেওয়াই উত্তম। সেইসঙ্গে শুরুতে কিছু ঘরোয়া উপায় বেছে নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক বমি বমি লাগলে করণীয়-
আদা খাওয়ার অভ্যাস
উপকারী একটি ভেষজ হলো আদা। এটি আমাদের শরীরকে নানাভাবে সুস্থ রাখতে কাজ করে। মেডিক্যাল নিউজ টুডে অনুসারে, বমি বমি ভাব দূর করতে আদা দারুণ কার্যকরী। বিশেষ করে, গর্ভাবস্থায় বমি পেলে নিয়মিত আদা খেতে পারেন। অনেক রোগীর ক্ষেত্রে কেমোথেরাপির কারণে এই সমস্যা হতে পারে। তখনও আদা খেলে মিলবে উপকার। কাঁচা আদা ছোট টুকরা করে মুখে দিয়ে রাখলে উপকার পাবেন।