নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় আব্দুল আজিজ নামের এক মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় ওই মুক্তিযোদ্ধার ব্যক্তিগত অফিস ভাংচুর, নগদ টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় ওই সন্ত্রাসীদের হামলায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রবিবার বেলা ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল নতুনপাড়া এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (৬৫) এর ব্যক্তিগত অফিসে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার বাইপাইল নতুনপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তার নিজের অফিসে বসে লোকজনদের সাথে কথা বলছিল। হঠাৎ একই এলাকার মৃত. লাল মিয়ার ছেলে হাজী মো. ওমর আলী (৬৫), তার স্ত্রী ফারহানা আফরোজ রুনা (৩২), ছেলে জনি (৩৬), আনিছ এর ছেলে আশিকুর রহমান জয় (২৬), হেলাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৪৫), রুহুল আমিন (৪২), মৃত. ছালেক এর স্ত্রী মনি বেগম (৩৬) এবং জামাল উদ্দিন এর ছেলে মাজাহারুল (২৭) সহ অজ্ঞাতনামা আরো ২৫/৩০জন দেশীয় অ¯্র নিয়ে হামলা চালায়। এসময় মুক্তিযোদ্ধার লগো সম্বলিত সাইনবোর্ড ও অফিসের চেয়ার টেবিল ভাংচুর করে। হামলার সময় ওই মুক্তিযোদ্ধার বেয়াই দেলোয়ার হোসেন বাঁধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। এসময় তার কাছে থাকা ১লাখ ৪৬ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন হামলাকারীরা ছিনিয়ে নেয়।
পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনায় ওই মুক্তিযোদ্ধা বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জামিনুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মুক্তিযোদ্ধাকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করা হয়েছে। ঘটনায় অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।