আশুলিয়ায় ১০ মামলার আসামিসহ ৩ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৫:১৭ অপরাহ্ণ, ২৮/০৯/২৬

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার নেতৃত্বে সংযোগের তার কেটে জোরপূর্বক ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ উঠেছে। এছাড়াও এক কর্মচারীকে পিটিয়ে জখম করে বিলের প্রায় লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি প্রতিকার চেয়ে বিটিআরসি ও আইএসপিএবি বরাবরও লিখিত আবেদন করেছেন তিনি।

গত রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আশুলিয়ার ধলপুর টাইগার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী লিয়াকত আলী সরকার আশুলিয়ার গাজীরচট এলাকার বিটিআরসি অনুমোদিত আইএসপি প্রতিষ্ঠান ‘এসকিউব সরকার ক্যাবল নেটওয়ার্ক’ এর ব্যবস্থাপনা পরিচালক।

অন্যদিকে প্রধান অভিযুক্ত মো. মিলন মোল্লা (৩৮) আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। বাকিরা হলেন- ধলপুর এলাকার রনি দেওয়ান (২৫) ও মো. রনি (৩৫) এবং গাজীরচট এলাকার মো. মিজান (২৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বিকেলে অভিযুক্ত মিলন মোল্লার নির্দেশে তার সহযোগী রনি দেওয়ান, মো. রনি ও মো. মিজানসহ বেশ কয়েকজন ধলপুর টাইগার মাঠ এলাকায় এসকিউব ক্যাবল নেটওয়ার্কের মূল তার কেটে দেয়। চোখের পলকেই বিচ্ছিন্ন হয়ে যায় ২৭৬ জন গ্রাহকের সংযোগ। এরপর ওই গ্রাহকদের জোরপূর্বক নিজেদের ‘স্পিড নেট’-এর সার্ভারে যুক্ত করে নেয় অভিযুক্তরা। এ সময় ইন্টারনেট সংযোগের একটি মূল্যবান স্প্লাইসিং মেশিনও (তার জোড়া দেওয়ার যন্ত্র) তারা নিয়ে যায় বলে দাবি করা হয়। এতে লিয়াকত আলীর প্রায় ১১ লাখ ৫৫ হাজার টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, ঘটনার পর লিয়াকত আলীর প্রতিষ্ঠানের কর্মচারী অপু কুমার (২৩) ওই এলাকায় গ্রাহকদের বিল তুলতে গেলে অভিযুক্তরা তাকে বাধা দেয়। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি ভাবে মেরে জখম করে এবং তার কাছে থাকা বিল আদায়ের নগদ ৯৭ হাজার ৭৯৮ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ওই এলাকায় আর কখনো সংযোগ দিতে গেলে বা বিল চাইতে গেলে তাকে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেয় অভিযুক্তরা।

ভুক্তভোগী লিয়াকত আলী বলেন, তারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে এলাকায় নানা ধরনের অপকর্ম চালিয়েছে। তারা এলাকায় বখাটে ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। এখন তারা গায়ের জোরে আমার বৈধ ব্যবসা দখলের পাঁয়তারা করছে। আমি বিষয়টি সমাধানের চেষ্টা করে উল্টো হুমকির মুখে পড়েছি। বর্তমানে আমি ও আমার কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এদিকে, ক্যাবল কেটে ব্যবসা দখল ও মারধরের অভিযোগের বিষয়ে জানতে প্রধান অভিযুক্ত সাবেক যুবলীগ নেতা মিলন মোল্লার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম ইমন জানান, এ ঘটনায় থানায় একটি জিডি ও একটি লিখিত অভিযোগ হয়েছে। বিবাদীকে থানায় আসার জন্য ফোন করেছিলাম তিনি থানায় আসেননি।

এই বিভাগের সর্বশেষ