হাসান ভূঁইয়া, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ার পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক অপহরনকারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে থানা পুলিশের এক এসআই ও তিন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
নিহত বাবলু হোসেন মুন্সী বরগুনা জেলার সোনাতলা থানার টেকনি গ্রামের বাবর আলী মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও অপহরনসহ একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে এ ঘটনায় আশুলিয়া থানার এস আই মনিরুজ্জামান ও পুলিশ সদস্য মামুন, সাদ্দাম হোসেন ও ফকরুল হোসেন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুল হক ডাবলু জানায়, আশুলিয়ার নিশ্চিতপুর এলাকা থেকে উদ্ধার হওয়া ৮ টুকরা লাশের মুল হোতা বাবলুকে রাতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান গেলে আগে থেকে ওৎ পেতে থাকা অন্য সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে । এসময় অন্য অপহরনকারীদের ছোড়া গুলিতে বাবলু গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য যে, গত ১২ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে মেহেদী হাসান টিপু নামের এক ব্যক্তির ৮ টুকরো মৃতদেহ উদ্ধার করেছিলো পুলিশ। তাকে অপহরন করে হত্যার পর ৮ টুকরো করে নিশ্চিন্তপুর এলাকার আঞ্চলিক রাস্তার পাশে ফেলে যায় এই অপহরনকারী।
ছবিঃ সংগৃহিত