নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় বাস চাপায় পুলিশের বিশেষ শাখার এএসআই মো. শাহ আলম নিহত হয়েছে। তবে এ ঘটনায় ঘাতক বাস ও বাসের চালক কে আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে তার মরদেহ দেখার জন্য হাসপাতালে যান বাংলাদেশ পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ।
সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি মারা যান।
নিহত শাহ আলম টাঙ্গাইল জেলার কালিহাতী থানার মুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে। তিনি প্রায় দুইবছর ধরে আশুলিয়ায় পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) কর্মরত ছিলেন। তিনি পরিবারসহ আশুলিয়ার কুরগাঁও এলাকায় বসবাস করে আসছিলেন।
এ ব্যাপারে আশুলিয়ার থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, দুপুরে পেশাগত কাজে মোটরসাইকেল করে আশুলিয়ার বাইপাইল থেকে জিরানী যাওয়া পথে দ্রুতগামী বাস পিছন থেকে তাকে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।