ঢাকার আশুলিয়ায় মহাসড়কের সীমানা প্রাচীর ঘেঁষে ফুটপাতে বসা নিয়ে আনসার সদস্য ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে ক্ষুব্ধ হকাররা মহাসড়কে কাঠ ও আসবাবপত্র ফেলে দীর্ঘ সময় অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) পুরাতন জোন ও গণকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে দুপুরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা যায়, ডিইপিজেডের সীমানা প্রাচীর ঘেঁষে ও মহাসড়কের পাশের ফুটপাত দখলমুক্ত রাখতে এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। রোববার সকালে হকাররা পুনরায় সেখানে দোকান বসাতে গেলে ডিইপিজেডের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা তাদের বাধা দেন। এ সময় হকাররা ব্যবসার জন্য অন্তত ৮ থেকে ১০ ফুট জায়গা ছেড়ে দেওয়ার দাবি জানান। কিন্তু ইপিজেড কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে তা মানতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে আনসার সদস্য ও হকারদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে হকাররা ডিইপিজেড থেকে বলিভদ্র বাজার পর্যন্ত মহাসড়কের উভয় লেনে কাঠ ও বিভিন্ন আসবাবপত্র ফেলে সড়ক অবরোধ করে ফেলে। ব্যস্ততম এই মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
পরবর্তীতে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা হকারদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মূলত আনসার ও হকারদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় হকাররা সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।