ঢাকায় আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি মো. মুস্তাকিম ওরফে গালকাটা মুস্তাকিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে আশুলিয়া জামগড়া রূপায়ণ স্টার্ন হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুস্তাকিম আশুলিয়ার জামগড়া এলাকার মো. জাহাঙ্গীর ব্যাপারীর ছেলে। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ‘রাজ’ গ্রুপের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আশুলিয়ার জামগড়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য রূপায়ণ স্টার্ন হাউজিং এলাকায় কিছু সন্ত্রাসী সংঘবদ্ধ হয়েছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মুস্তাকিম ওরফে গালকাটা মুস্তাকিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা কৌশলে পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাশেদুজ্জামান জানান, মুস্তাকিমের বিরুদ্ধে গোলাগুলি, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। আগামীকাল সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।