আশুলিয়ায় ইউনিয়ন পরিষদের ভবনে আগুন

আগের সংবাদ

আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে পড়েছিল অর্ধগলিত মরদেহ

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৮:৪৫ অপরাহ্ণ, ১৬/০৮/২৬

ঢাকার আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া কক্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। নিহতের পরিচয় শনাক্তসহ মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ।

রোববার (১৬ই আগস্ট) বিকেলে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকায় রাজু সিটি সংলগ্ন মৃত আমির আলীর মালিকানাধীন বাড়ির একটি ভাড়া কক্ষের মেঝেতে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার মৃত আমির আলীর মালিকানাধীন বাসায় প্রায় সাত দিন আগে রাজমিস্ত্রির কাজের কথা বলে দুজন ব্যক্তি কক্ষটি ভাড়া নেন। প্রতিবেশীদের সাথে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। গত কয়েকদিন ধরে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। সকালের দিকে কক্ষটির ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করেন।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরের মেঝেতে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের গলায় গামছা পেঁচানো রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও স্থানীয় ফাঁড়ি ইনচার্জ আব্দুল হাই জানান, ঘরটির বাইরে থেকে তালা লাগানো ছিল। প্রাথমিক আলামত দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে বাড়িওয়ালা ওই ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র কিংবা মোবাইল নম্বর সংরক্ষণ না করায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।