ঢাকার আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম।
এর আগে সোমবার রাত সোয়া ৯টার দিকে আশুলিয়ার কবিরপুর এবং তার আগে বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার দুর্গাপুর পশ্চিমচালা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গানপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ শাহিন (৩২), আশুলিয়ার দুর্গাপুর (পশ্চিমচালা) এলাকার মোঃ মাদার আলীর ছেলে মোঃ সালাউদ্দিন (২৬) এবং একই এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মোঃ সাজু হোসেন (২৯)।
ডিবি পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কবিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা সহ মোঃ শাহিন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পৃথক আরেকটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন দুর্গাপুর পশ্চিমচালা এলাকায় অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি মোঃ সালাউদ্দিন ও মোঃ সাজু হোসেনকে আটক করে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সংশ্লিষ্ট মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।