আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আশুলিয়ার বাইপাইল এলাকার বিভিন্ন আড়ত ঘুরে তিনি ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি আড়তের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষের কাছে গিয়ে তাদের অভিযোগ ও আশা-প্রত্যাশার কথা শোনেন। নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন বলেন, “আমি আজ আশুলিয়ার বাইপাইল এলাকার আড়তগুলোতে গিয়ে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তবে তাদের মধ্যে যা লক্ষ করেছি, তা হচ্ছে— তারা একটি ভয়ের মধ্যে থাকে, একটা আতঙ্কের মধ্যে থাকে। আতঙ্কের বিষয়টি হলো, রাজনৈতিক দলের কিছুসংখ্যক ব্যক্তি দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, ব্যবসায়ীদের ওপর হামলা চালায়, মামলা দেয়। যার জন্য ভয়ে অনেকে অনেক কিছু বলতে পারেন না। যার ফলে জনপ্রতিনিধিদের থেকে ভালো কিছু পান না।”
তিনি আরও বলেন, “আমার কোনো দল নেই, আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমিও একজন ব্যবসায়ী। ব্যবসায়ী মানুষ হিসেবে আমি চাই, আমি যেরকম সুযোগ-সুবিধা পাই, এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও যেন স্থানীয় জনপ্রতিনিধির থেকে সেরকম সুযোগ-সুবিধা পান।”
নিজ কর্মীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে অভিযোগ করে অন্য প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা যারাই প্রার্থী হয়েছি, আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে ইউনিয়নের উন্নয়ন করা, সাধারণ মানুষের সেবা করা। আমরা সাধারণ মানুষের সেবক হিসেবে এখানে আসতে চাই। জোরপূর্বক বা কাউকে হুমকি-ধামকি দিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা কাউকে হুমকি-ধামকি দিতেও চাই না।”
তিনি আরও বলেন, “আপনারা যদি কেউ মনে করেন ইসরাফিলকে বা ইসরাফিলের সাথে যারা কাজ করেন, তাঁর যত কর্মী আছেন, তাদেরকে হুমকি দিয়ে, মামলার ভয় দেখিয়ে থামিয়ে রাখবেন; তাহলে আমি মনে করি আপনারা বোকার স্বর্গে বাস করছেন।”
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ জয়নাল মিয়া, ঢাকা জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ, বাইপাইল আড়ত ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।