ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৭.২০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ নগদ ১ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।
এর আগে বুধবার (১০ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার মধ্য গাজীরচট এবং ডেন্ডাবর এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় রানা ওরফে মোসলেহ উদ্দিন নামের এক আসামি কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার গাজীরচট মুন্সিপাড়া এলাকার মোঃ আতাবরের ছেলে মোঃ শাহ আলম ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দেবগ্রাম এলাকার মজনু শেখের ছেলে মোঃ নাজমুল শেখ (২১)। বর্তমানে নাজমুল আশুলিয়ার কাঠালবাগান এলাকার রানার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতে বলে জানা যায়।
পলাতক আসামি রানা ওরফে মোসলেহ উদ্দিন ভোলা জেলার দৌলতখান থানার চরশুভী এলাকার মৃত হোসেনের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার কাঠালবাগান এলাকায় বসবাস করে।
পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানায় কর্মরত এসআই মোঃ সাইফুল ইসলাম তার সংগীয় ফোর্সসহ মধ্য গাজীরচট রশিদ মার্কেট সংলগ্ন আশরাফ টাওয়ারের পূর্ব পাশে রাস্তার ওপর অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে মাদক কারবারি মোঃ শাহ আলমের হেফাজত থেকে ৭.২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এরপরে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর কাঠালবাগান মসজিদের ঢালে নাজিম উদ্দিন মার্কেটের ভেতরে অবস্থিত ‘মায়ের দোয়া অটো রিক্সা গ্যারেজ’-এ অভিযান পরিচালনা করে মোঃ নাজমুল শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আসামি রানা ওরফে মোসলেহ উদ্দিনের ফেলে যাওয়া ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া উভয়ের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।