জুলাই-আগস্ট আন্দোলনের সময় আশুলিয়া থানা চত্বরে আন্দোলনকারীদের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় উদ্ধার করা রাইফেলের গুলির পেছনে ‘৭.৬২’ লেখা ছিল বলে জানিয়েছেন উপপরিদর্শক (এসআই) আশরাফুল হাসান।
এর আগে গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দেওয়া তার জবানবন্দিতে এই তথ্য উঠে এসেছে।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ রয়েছে, আন্দোলনের সময় আশুলিয়ায় অন্তত সাতজনকে হত্যা এবং ছয়জনের লাশ থানা চত্বরে পুড়িয়ে ফেলা হয়েছিল।
এসআই আশরাফুল আদালতে বলেন, চলতি বছরের ১৪ এপ্রিল আমি দায়িত্বে ছিলাম। তখন বেতার বার্তায় খবর পাই, থানা ভবনের পশ্চিম পাশে মনির ও লতিফ মণ্ডলের পুরোনো টিনশেড বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে কিছু গুলি পড়ে আছে। সেখানে গিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে একটি চার্জারসহ ছয়টি রাইফেলের গুলি উদ্ধার করি। প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে ৭.৬২ ও অন্যান্য লেখা ছিল।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করে থানায় জমা দিই। পরে ওসির নির্দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে সেগুলো হস্তান্তর করা হয়।
জবানবন্দি শেষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা পলাতক আট আসামির পক্ষে এসআই আশরাফুলকে জেরা করেন। এ পর্যন্ত মামলার ২০ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছে।