আবারও রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিক্ষুব্ধ জনতা দলটির কার্যালয়ে হামলা চালায়।
এসময় বিক্ষুব্ধ জনতা অফিসের ভিতরে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবি তোলা হয়।
সমাবেশ শেষে দলটির নেতাকর্মীরা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেয়। এরপরই জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
হামলার পর পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পরে ধীরে ধীরে জাপার কার্যালয় থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে পুলিশ।
এর আগে গত ৩০ আগস্ট শনিবারও দলটির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।