আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

আগের সংবাদ

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে আইএফআইসি ব্যাংক

পরের সংবাদ

সাদা পাথরে হরিলুট: ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:৪৮ অপরাহ্ণ, ২৬/০৮/২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সাদা পাথর পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া পাথরের মধ্যে এ পর্যন্ত ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। এরমধ্যে প্রায় সাড়ে ৬ লাখ ঘনফুট পাথর লুটকারীরা স্বেচ্ছায় ফেরত দিয়েছেন। স্বেচ্ছায় পাথর ফেরত দেওয়ার জন্য জেলা প্রশাসন গত রবিবার ৩ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল।

আজ মঙ্গলবার মধ্যরাতে এই সময় শেষ হবে। এরপর বুধবার থেকেই পাথর উদ্ধারে সাঁড়াশি অভিযান শুরু হবে। মঙ্গলবার বিকালে কোম্পানীগঞ্জ সাদা পাথর পরিদর্শনে গিয়ে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এসব তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, ‘বুধবার থেকে যাদের কাছে লুটের পাথর পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’ পাথর পুনঃস্থাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১১ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে বাকী পাথর প্রতিস্থাপন করা হবে। পাথর প্রতিস্থাপনে প্রতিদিন ৫০০ জন শ্রমিক কাজ করছেন।’

সব পাথর প্রতিস্থাপন হয়ে গেলে সাদা পাথর পর্যটনকেন্দ্র আগের সৌন্দর্য ফিরে পাবে এমন আশা ব্যক্ত করে জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিকভাবে পাথরগুলো যেভাবে সাজানো ছিল আমরা ওইরকমই আবার সাজানোর চেষ্টা করছি। যদিও কাজটি অনেক কঠিন।’

জেলা প্রশাসক আরও বলেন, যারা পাথর লুট করেছে তাদের বিচার হবে, তবে নিরপরাধ কেউ যাতে হয়রানি না হয় সেব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে।

পাথর লুটের বিষয়ে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির রিপোর্ট সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও কাজ করছে। এসব তদন্ত প্রতিবেদনের আলোকেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের সর্বশেষ