গাজীপুরের শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তারা হলো, রায়হান (১০) ও মাহিম (৯)। রায়হান ওই গ্রামের শাহ্জাহান শিকদারের ছেলে ও মাহিন রজ্জব আলীর ছেলে।
রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মনিরা পারভীন বলেন, ‘বাড়ির পাশের একটি পুকুরপাড়ে বসে খেলা করছিল রায়হান ও মাহিম। এসময় তারা পানিতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্বজনরা বাড়ির আশপাশসহ সম্ভাব্য স্থানে খোঁজ করতে থাকেন। এ সময় স্থানীয় কৃষক গরু আনতে গিয়ে পুকুর পাড়ে স্যান্ডেল ও খেলনা পরে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে নিখোঁজ স্বজনদের বিষয়টি জানান। পরে ওই পুকুর থেকে রায়হান ও মাহিমের মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান জানান, খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।