কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ-ছাত্রলীগের পরিকল্পিত নাশকতা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আশুলিয়া থানা শ্রমিক দল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে পল্লীবিদ্যুৎ এলাকায় গিয়ে শেষ হয়।
আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি মোঃ আবিদুর রহমান পাষাণ-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে এ সময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ফরাজী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মুখলিছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ আনসারুল ইসলামসহ আশুলিয়া থানা শ্রমিক দলের আওতাধীন ৫টি ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি মোঃ আবিদুর রহমান পাষাণ বলেন, “সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সাভারের সংসদ সদস্য দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ভাই এবং দেওয়ান মোঃ মইনুদ্দিন বিপ্লব ভাইয়ের নির্দেশে আশুলিয়া থানা শ্রমিক দলের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিলটি করা হয়। স্বৈরাচার আওয়ামী লীগের অনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করাসহ সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তার জন্য আমরা গত ১৭ বছর মাঠে ছিলাম, এখনও আছি। সামনে দলীয় যেকোনো কর্মসূচি আমরা অক্ষরে অক্ষরে পালন করবো।