সাভারের গণস্বাস্থ্যে পৌছেছে জাফরুল্লাহর মরদেহ

আগের সংবাদ

স্ত্রীকে খুন করে লাশ পানির ট্যাংকে রেখে পালায় স্বামী

পরের সংবাদ

তীব্র তাপদাহে পুড়ছে রাজশাহী, তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:২৫ অপরাহ্ণ, ১৩/০৪/২৩

রাজশাহীতে টানা মাঝারি তাপপ্রবাহের পর এবার তীব্র দাবদাহে পুড়ছে রাজশাহী। তাপমাত্রার ঊর্ধ্বমুখী এ প্রবণতায় পূর্বের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়াবিদরা বলছেন, আরও সপ্তাহখানেক থাকবে এ দাবদাহ। আর তাপমাত্রার পারদ আরও বাড়বে।

এদিকে সর্বোচ্চ এই তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছে পদ্মাপাড়ের জনসাধারণের জীবন। অব্যাহত তাপপ্রবাহে চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও দিনমজুর শ্রমিকরা। দুপুরে প্রবাহিত বাতাসেও যেন ভেসে আসছে অগ্নিস্ফুলিঙ্গ। হাঁসফাঁস করছে জনজীবন। ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে মানুষের চলাচলও কমে আসছে। আসন্ন ঈদের বেচাকেনাতেও প্রভাব ফেলেছে প্রচণ্ড এই গরম। দিনের বেলায় মার্কেটগুলোতে বেচাকেনায় ভাটা পড়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, মার্চের মধ্যভাগ থেকে এপ্রিলের মধ্যভাগ পর্যন্ত একই মাত্রায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহীর ওপর দিয়ে। রাজশাহীতে সর্বশেষ ৩ এপ্রিল ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর আর বৃষ্টি হয়নি। চলমান মৃদু তাপপ্রবাহ মাঝারি থেকে বৃহস্পতিবার তীব্র আকার ধারণ করেছে। সামনে আরও বাড়বে। এমনকি তাপমাত্রা বৃদ্ধিতে পূর্বের রেকর্ডও ভাঙ্গতে পারে।

রাজশাহীতে গত ১২ এপ্রিল দুপুর ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ১১ এপ্রিল ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর গত ১০ এপ্রিল ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ঠেকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আর ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ধরা হয় তীব্র দাবদাহ। রাজশাহীতে এখন তীব্র তাপপ্রবাহ চলছে।

এদিকে ১৯৪৯ সাল থেকে দেশে তাপমাত্রার রেকর্ড শুরু হয়। এর মধ্যে ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস; যা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা বলেও উল্লেখ করা হয়।

গত বছর এপ্রিলে রাজশাহীতে তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রি ছাড়িয়ে যায়। এর আগে ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বর্তমান তাপমাত্রা গত বছরের রেকর্ড ছুঁইছুঁই। এমনকি পূর্বের রেকর্ড ভাঙ্গার সম্ভাবনাও আছে।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক আবদুস সালাম জানান, তাপমাত্রা অব্যাহতভাবে বাড়ছে। সামনে আরও বাড়তে পারে। আর তাপমাত্রার সঙ্গে সঙ্গে আদ্রতাও কমছে। বৃহস্পতিবার দুপুরে আদ্রতা ছিল মাত্র ১৩ শতাংশ।

এই বিভাগের সর্বশেষ