টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী। ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোন্নাফ আলীর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে।
কিডনিজনিত সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসাধীন। ডাক্তার তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলে স্বামীর জীবন রক্ষায় স্ত্রী লাভলী বেগম তার একটি কিডনি দেন।
ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে বৃহস্পতিবার কিডনি প্রতিস্থাপন করেন ডা. প্রতীক দাস। সফলভাবে অস্ত্রোপচারের পর মোন্না ও তার স্ত্রী লাভলী বেগম সুস্থ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন ভূঞাপুরের সাবেক পৌর মেয়র ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ।
চিকিৎসার ব্যয় নির্বাহ করতে গিয়ে তিনি সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন বলে তার পরিবার সূত্রে জানা যায়। ভারতে তার কাছে অবস্থান করে চিকিৎসাকালীন সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং যোগাযোগ রক্ষা করছেন আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও যুগান্তর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল। মোন্না ও তার পরিবার সবার নিকট দোয়া চেয়েছেন।