হাসান ভূইয়া, নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া, মেয়াদ উত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ ওষুধ বিক্রিসহ নানা অভিযোগে ৭টি ফার্মেসীতে ১০ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করে র্যাব-৪ এর একটি ভ্রাম্যমান আদালত। এছাড়াও সূচী ফার্মেসী নামে আরো একটি দোকান তালাবদ্ধ করে রাখা হয়।
রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকার বিভিন্ন ফার্মেসীতে ওষুধ অধিদপ্তর ও র্যাব এই অভিযান পরিচালনা করেন।
জরিমানাকৃত ফার্মেসীর গুলোর মধ্যে আলী ফার্মেসী ও আবেদীন ফার্মেসীকে ৪ লাখ টাকা করে, শান্তা ফার্মেসী, প্রীতি ফার্মেসী, দোলা ফার্মেসী ও এফএল ফার্মেসীকে ৫০ হাজার টাকা করে এবং আসলাম নামে আরো একটি ফার্মেসীকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১০ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন এর নেতৃত্বে প্রায় ৪০ র্যাব সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন জানান, আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকার অভিযান পরিচালনা করে বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ পান তারা। এমনকি ফার্মাসিস্ট সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রাদি ছাড়াই তারা ওষুধ বিক্রি করছে। আগামিতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।