নোয়াখালীতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

আগের সংবাদ

আশুলিয়ায় গ্রেপ্তার ভারতীয় নাগরিকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ

পরের সংবাদ

মহাসড়কে গাড়ি দাঁড়াতে নিষেধ করায় পুলিশের মাথা ফাটালো বিক্রয় প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:২৩ অপরাহ্ণ, ১৩/১০/২৫

চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কের উপর কাভার্ড ভ্যান রাখার কারণে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল মো. আজাদ উদ্দিন (৩৮) কে বিক্রয় প্রতিনিধি আবু বক্কর (৩২) স্টিলের টুল দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে গুরুতর আহত করেছে। ওই বিক্রয় প্রতিনিধিকে গ্রেপ্তার হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে কেঁওচিয়া ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট হক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য আজাদ উদ্দিন দীর্ঘদিন ধরে উপজেলার কেরানীহাট ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত এবং লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বিবিরহাট গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

আহত কনস্টেবল আজাদ উদ্দিন জানান, বিক্রয় প্রতিনিধি মহাসড়কের উপর গাড়ি রেখে মালামাল সরবরাহ করছিল। তাকে গাড়ি অন্যত্র সরিয়ে দিতে বললে বিক্রয় প্রতিনিধি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকে। বাধা দিলে সে স্টিলের টুল দিয়ে তার মাথায় আঘাত করে এবং পরে ইটও নিক্ষেপ করে। তাকে সহকর্মীরা উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার মাথায় দুটি সেলাই করা হয়েছে এবং ২৪-৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর বিক্রয় প্রতিনিধি আবু বক্করকে সাতকানিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। কনস্টেবল আজাদ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

সাতকানিয়ার কেরানিহাট ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) নূরে আলম সিদ্দিকী বলেন, সকালে একটি কাভার্ড ভ্যান মহাসড়কের উপর গাড়ি রেখে মালামাল নামাচ্ছিল। ফলে যানজটের সম্ভাবনা তৈরি হওয়ায় আমি কনস্টেবল আজাদকে গাড়িটি অন্যত্র সরিয়ে দিতে বলি। তখন তার সাথে সেখানে থাকা একজন বিক্রয় প্রতিনিধির কথা কাটাকাটি হয়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এর ঠিক আধ ঘন্টা পর ওই বিক্রয় প্রতিনিধি পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলে মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে কনস্টেবল আজাদ তাকে বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে ওই বিক্রয় প্রতিনিধি একটি স্টিলের টুল দিয়ে কনস্টেবল আজাদের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। এ ঘটনাটি আমরা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, আহত অবস্থায় এক পুলিশ কনস্টেবলকে সকালে হাসপাতালে আনা হয়। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার মাথায় দুটি সেলাই করা হয়েছে৷ তাকে ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে থাকতে হবে। এরপর যদি বমি, খিচুনি ও অজ্ঞান হয়ে যায় তাহলে সিটিস্ক্যান করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার

(সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ব্যক্তি, আহত কনস্টেবল ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ায় কনস্টেবল আজাদ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বিক্রয় প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ