গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিক পদার্থের (কেমিক্যাল) গুদাম আগুন লেগে পুড়ে গেছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, উত্তরা ফায়ার সার্ভিসের দুটি, কুর্মিটোলা ফায়ার সার্ভিসের আরও দুটিসহ মোট সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভানোর কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিনজন কর্মী, একজন কর্মকর্তাসহ পাঁচজন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন টঙ্গী ফায়ার সার্ভিসের পরিদর্শক নাদিম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা ও মো. জয় হাসান। এ ছাড়া ঘটনাস্থলের পাশের দোকানের মালিক বাবু (২০) আহত হন। তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে আহত কারখানার কর্মকর্তার পরিচয় জানা যায়নি।

জানা গেছে, আজ বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকার ফেমাস কেমিক্যাল নামের একটি গুদামে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান আশপাশের লোকজন। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সেখান থেকে তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে উত্তরা ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিটের কর্মীরা আসেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘গুদামটিতে কেমিক্যাল মজুত করা হতো। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। এ সময় আমাদের এক কর্মকর্তা ও তিন কর্মী আহত হয়েছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।’
ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী আহত হয়েছেন। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।