সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দিতে স্ত্রীকে দ্যা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। স্থানীয়দের দাবি, অভিযুক্ত স্বামী গত কয়েক মাস ধরে মানসিক রোগে আক্রান্ত। স্ত্রী কে হত্যার পর স্বামী আলী আহমদ দ্যা দিয়ে নিজের শরীরে নিজেই কুপানোর সময় স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। পরে আহত অবস্থায় আলী আহমদকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া মোকাম মহল্লা গ্রামের বসত ঘরে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী আলী আহমদ উপজেলার বগাইয়া মোকাম মহল্লা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
নিহত গৃহবধূ রোবেনা বেগম( ২৮) উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। নিহত রোবেনা বেগম তার স্বামী আলী আহমদ এর তামিম (৮) তাওহিদ (৬) ও তাহমিদ (৪) বছরের তিনটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে মানসিক রোগে আক্রান্ত আলী আহমদ। আত্মীয় স্বজনরা তাকে চিকিৎসা করাচ্ছেন। আজকে দুপুর ২ টার দিকে তার ঘরে চিৎকার শুনে দৌড়ে আসেন তারা। ঘরে এসেই দেখতে পায় দাঁড়ালো দ্যা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে দ্যা হাতে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন তাকে আটকাতে চাইলে তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে এবং সে নিজে নিজেই তার হাতে থাকা দ্যা দিয়ে হাতে ও পায়ে কুপিয়ে জখম হয়।
স্থানীয়রা আরোও জানান, বিভিন্ন কৌশলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মো কবীর হোসেন, এসআই জহুর লাল দত্ত সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে আহত অবস্থায় ঘাতক স্বামীকে গ্রেফতার করে হাসপাতালে পাঠায়।পরে নিহত রোবেনা বেগমের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর( তদন্ত) মোঃ কবির হোসেন মানবকন্ঠকে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় স্বামীকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।