চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের রুদ্রপাড়ায় দুলাল রুদ্রকে মাদকের টাকার জন্য কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তপন রুদ্রকে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় মাদকের টাকার জন্য বাবা দুলাল রুদ্রকে কুপিয়ে গুরুতর জখম করে ছেলে তপন রুদ্র। গুরুতর আহত দুলালকে স্থানীয় জনগণ প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর পর চাম্বল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল ইকবাল চৌধুরী আদর আহত ব্যক্তিকে সহযোগিতা করার জন্য এবং হামলাকারী ছেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের প্রতি আহ্বান জানান।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ছেলেকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল এবং পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করেছে, তা এজাহার হিসাবে গ্রহণ করে আইনি প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।