আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুন ভোটার যুক্ত হচ্ছে প্রায় ৪৫ লাখের বেশি এবং তালিকা থেকে বাদ যাবে ২১ লাখ মৃত ভোটার।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন।
নাসির উদ্দিন বলেন, ‘ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ার কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল, একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে প্রথমে। তবে আইন সংশোধনের কাজ শেষ হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ‘আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর যাচাইবাছাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। তবে সেটা আগস্টের মধ্যে হবে কি না, এই মুহূর্তে বলতে পারছি না।’