ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দিলগাঁও গ্রামে মাদক মামলার আসামি ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়।
বুধবার বিকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের দিলগাঁও গ্রামে মাদক মামলার আসামি মাইনুদ্দিন ওরফে ছোটনকে (২৮) গ্রেফতার করতে গিয়ে এ ঘটনার শিকার হন দুই পুলিশ কর্মকর্তা।
আহতরা হলেন- হরিপুর থানার এসআই আব্দুর রশিদ ও রাশেদুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান বলেন, দুজন পুলিশ কর্মকর্তার মধ্যে গুরুতর জখম হয়েছেন আব্দুর রশিদ।
হরিপুর থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে ৬০-৭০ জন দলবদ্ধভাবে হামলা চালায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে হরিপুর হাসপাতালে ভর্তি করা হয়।
হরিপুর থানার এসআই দীন মোহাম্মদ জানান, সরকারি কাজে বাঁধাদান ও পুলিশের ওপর হামলা করায় ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- দিলগাঁও গ্রামের মজিবর রহমানের ছেলে সোহাগ (২৮), খতিবের ছেলে দুলাল হোসেন (২৬), আব্দুল হামিদের ছেলে ফজিল উদ্দিন (৫২), ফজিল উদ্দিনের ছেলে মোকলেসুর রহমান (২২), মরহুম শফিউল্লাহর ছেলে আব্দুল্লাহ (৪৮), ফজিল উদ্দিনের ছেলে রুবেল ইসলাম (২৮) ও আফতাব উদ্দিনের ছেলে হামিদুর রহমান (৫০)।
ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, তুচ্ছ ঘটনায় দিলগাঁওসহ আশপাশ এলাকার মানুষ একটুতে উত্তেজিত হয়। তবে যেন নিরপরাধ মানুষ হয়রানি না হন সেজন্য তিনি পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।