ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্রদের জন্য ২ টাকার সবজি বাজার চালু করেছে। বুধবার বিকালে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয়স্তম্ভে আনুষ্ঠানিকভাবে এ বাজার চালু হয়। ঈদের আগের দিন পর্যন্ত এ কর্মসূচি চলবে।
উদ্বোধনী দিনে দেড় শতাধিক পঙ্গু, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে এক কেজি আলু ও বেগুন, একটি করে মিষ্টি কমুড়া, লাউ ও ডিম দেওয়া হয়। ২ টাকার বিনিময়ে প্রায় দেড়শ টাকার সবজি পেয়ে সবাই খুশি।
ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, তার এ কর্মসূচি ঈদের পূর্ব পর্যন্ত দুই টাকার বিনিময়ে দরিদ্র মানুষ ডিমসহ পাঁচটি আইটেম ক্রয় করতে পারবেন। প্রতিদিন দেড় থেকে দুইশ মানুষের মাঝে বিতরণ করা হবে। এ সবজি বাজারে দুই টাকা নেওয়া হয় কারণ এটা রিলিফ নয়, অংশীজনদের অংশগ্রহণ নিশ্চিত করা। এটি দয়া বা করুণা নয়- এটা তাদের অধিকার।
উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সফি খান, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ইউসুফ আলমগীর, ওয়াহিদুজ্জামান তুহিন, আমানুর রহমান খোকন, আব্দুল কাদের প্রমুখ।
আরাজি পলাশবাড়ী গ্রামের প্রতিবন্ধী আকবর আলী বলেন, সারাদিন ভিক্ষা করেও দুইশ টাকা জোটে না। সেখানে মাত্র ২ টাকায় প্রায় দুইশ টাকার সবজি পেলাম। সঙ্গে ডিমও পেলাম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। চলতি মাসে ডিম ভাগ্যে জোটেনি। আজ খুবই ভালো লাগছে। এ বাজার গরিব মানুষের জন্য আশীর্বাদের মতো।
কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন, ফুল সংগঠনের এ মহতী উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে সবধরনের সহায়তা থাকবে।