৪২ হেক্টরজুড়ে সূর্যমুখীর হাসি

আগের সংবাদ

রোজার দিনে মাদক সেবনে বাধা দেওয়ায় ...

পরের সংবাদ

সভা থেকে বিএনপির আহ্বায়কসহ আটক ১৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৪:১১ অপরাহ্ণ, ০৮/০৪/২৩

দলীয় কর্মসূচি পালন করার সময় সভা থেকে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আরও ১২ নেতাকর্মীকে আটক করা হয়। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলা সদরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকদের মধ্যে ১০ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ওই উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান তালুকদার, সাবেক সভাপতি আবদুল আজিজ, জেলা বিএনপির সদস্য আবদুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ওরফে হলুদ, যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান ওরফে বাদশা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর ওরফে পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জহিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম ও মো. সেলিম মিয়া।

বাকি তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জেলা বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তেল, গ্যাস, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার দেশব্যাপী বিএনপির অবস্থান কর্মসূচি হওয়ার কথা। এ জন্য গত শুক্রবার রাতে উপজেলা বিএনপি রেলগেট এলাকায় সভা করে। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৩ নেতাকে আটক করে। পরে থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাদী হয়ে মামলা করেন। এতে আটক ১৩ জনের নামসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতি’ বিদ্যুৎ গ্যাসসহ দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে শনিবার উপজেলাসহ বিভিন্ন পর্যায়ে অবস্থান কর্মসূচি ডাকা হয়। এই আন্দোলকে বাধাগ্রস্ত করতেই সরকার রাষ্ট্রযন্ত্র পুলিশ বাহিনীকে ব্যবহার করে আমাদের পদবিধারী অন্তত ১৩ জন নেতাকে গ্রেফতার করে। এতে করে বিএনপির আন্দোলনকে দমানো যাবে না।

আটকদের মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘অভিযান চালিয়ে বিএনপির ১৩ জনকে আটক করা হয়। তারা শুক্রবার রাতে মিলিত হয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিলেন।’

এই বিভাগের সর্বশেষ