সীমান্তে টহল ও বিমানবন্দর নিরাপত্তায় বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, বাংলাদেশের স্থল ও সামুদ্রিক সীমানায় টহল দেওয়ার ক্ষমতা রয়েছে এবং হালনাগাদ সরঞ্জাম, পদ্ধতি এবং বর্ধিত কর্মীসহ কার্গো ও যাত্রীবাহী বিমানবন্দর স্ক্রিনিং উন্নত করেছে দেশটি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রকাশিত একটি সর্বশেষ প্রতিবেদনে একথা বলা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, এয়ারলাইন নিরাপত্তা ততটা শক্তিশালী না হলেও বাংলাদেশ সবার জন্য ই-পাসপোর্ট চালু করেছে এবং ইন্টারপোলের সাথে তথ্য শেয়ার করেছে। কিন্তু বাংলাদেশের কোনো ডেডিকেটেড সন্ত্রাসী ওয়াচলিস্ট নেই।
আর তাই যুক্তরাষ্ট্রের ‘সতর্কতা তালিকা’ প্রকল্প সরকারের বিবেচনাধীন রয়েছে।
মার্কিন ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফ্লাইট আসার আগে যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য পদ্ধতিগতভাবে এপিআই/পিএনআর তথ্য ব্যবহার করে না বাংলাদেশ।
মূলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কান্ট্রি রিপোর্টস অন টেররিজম (সিআরটি) ২০২১ নামক এই রিপোর্ট প্রকাশ করেছে। যা সেই বছরে অর্থাৎ ২০২১ সালে সন্ত্রাসবাদ প্রতিরোধের পরিস্থিতি সম্পর্কে বিশদ তথ্য প্রদান করে থাকে।
সংবাদমাধ্যম বলছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রতিবছর সিআরটি রিপোর্টের মাধ্যমে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তথ্য প্রকাশ করে থাকে।
এটি যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য নীতি, কর্মসূচি এবং তহবিল ও সরঞ্জাম বরাদ্দ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সহায়তা করে।