নানা অনিয়ম ও দুর্নীতি অভিযোগ এনে আশুলিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদকসহ আরও ৩ সদস্য পদত্যাগ করেছেন। এ নিয়ে আশুলিয়া প্রেসক্লাবের মোট ২১ জন সদস্য পদত্যাগ করলেন।
সোমবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাইজু আহমেদ চৌধুরী। এর আগে শুক্রবার একযোগে ১৮ সদস্য পদত্যাগ করেছিলেন।
পদত্যাগ করা সদস্যরা হলেন- বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মনির মন্ডল। এছাড়া সদস্য শরিফুজ্জামান ফাহিম ও অস্থায়ী সদস্য জাহাঙ্গীর হোসেন সাগর।
আশুলিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মনির মন্ডল বলেন, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনিয়মের কার্যকলাপের পরিস্থিতি দেখে আমি বিব্রত। তাই পদত্যাগ করেছি।
আশুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাইজু আহাম্মেদ চৌধুরী বলেন, গত দুই বছর ধরে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড চালিয়ে আসছেন।যাতে আশুলিয়া প্রেসক্লাবের সুনাম ব্যাপকভাবে নষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে বারবার আলোচনা করার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। বর্তমান সভাপতি মোজাফফর হোসাইন জয় ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন এ বিষয়ে কথা বলতে নারাজ। তাই আমি পদত্যাগ করেছি। অন্যান্য সাংবাদিকরা পদত্যাগ করছেন।
প্রসঙ্গত যে, এর আশুলিয়া প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির ১৩ জনের মধ্যে ৩ কেবিনেট সদস্য, ক্লাবের ১০ জন পূর্ণ সদস্য ও ৫ জন অস্থায়ী সদস্য একযোগে পদত্যাগ করেছেন।