ঢাকার আশুলিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
এর আগে শুক্রবার রাত ৩টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি শামীম মোল্লা (৩৫) মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার উত্তর মেরুন্ডী এলাকার আ. রহিম মোল্লার ছেলে। তিনি বর্তমানে ঢাকা জেলার আশুলিয়া থানার বগাবাড়ী এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শামীম মোল্লা একটি মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সাজার রায় ঘোষণার পর থেকে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তারের পর দুপুরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।