আশুলিয়ায় সড়কের পাশে পড়েছিল অটোচালকের মরদেহ

আগের সংবাদ

আশুলিয়ায় ৫ মাদক কারবারি গ্রেপ্তার, হেরোইন-ইয়াবা ও গাঁজা উদ্ধার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৭:১৭ অপরাহ্ণ, ১০/০৮/২৬

ঢাকার আশুলিয়ায় পৃথক চারটি অভিযানে পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১১৭ পুড়িয়া হেরোইন, ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (১০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে রবিবার বিকেল ৩টা থেকে দিবাগত রাত দেড়টা পর্যন্ত আশুলিয়ার বাইপাইল, ডেন্ডাবর ও ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী জেলার পলাশ থানার ভিরিন্দা এলাকার মৃত হাসান আলী ওরফে চাঁন মিয়ার ছেলে সুরুজ মিয়া (৪৫), ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর পুরাতন পাড়া এলাকার মোঃ কফিল উদ্দিনের ছেলে মোঃ ইকবাল হোসেন (৪৭), মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার আলীনগর এলাকার মোঃ আঃ সালাম মোল্লার ছেলে মোঃ তুহিন মোল্লা (২৬), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার নিশ্চিন্তপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ ফুয়াদ হোসেন (২৭) এবং রাজশাহী জেলার বাগমারা থানার বটখালী এলাকার মোঃ সাইদুর রহমানের ছেলে ফয়সাল ফিরোজ (৩৩)। বর্তমানে সুরুজ মিয়া আশুলিয়ার বাইপাইল এলাকায়, তুহিন মোল্লা খেজুরটেক এলাকায়, ফুয়াদ উত্তর ডেন্ডাবর এলাকায় এবং ফয়সাল বগাবাড়ী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

পুলিশ জানায়, রবিবার বিকেল ৩টার দিকে আশুলিয়া থানায় কর্মরত এসআই মোঃ আনোয়ার হোসেন তার সংগীয় ফোর্সসহ ডেন্ডাবর পুরাতন পাড়া মাস্টার প্লাজার নিচতলায় অভিযান চালিয়ে মোঃ ইকবাল হোসেন ও মোঃ তুহিন মোল্লাকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৩ পিস ইয়াবা, ১৭ পুড়িয়া হেরোইন ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে এসআই ভজন চন্দ্র রায় ডেন্ডাবর মন্ডল কলোনী এলাকায় জাকির হোসেনের টিনশেড বাড়ির সামনে অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ মোঃ ফুয়াদ হোসেনকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে এসআই মোঃ ওয়াসিম আকরাম বাইপাইল সম্ভার ফিলিং স্টেশনের সামনে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ সুরুজ মিয়াকে গ্রেপ্তার করে। সর্বশেষ রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এসআই মোঃ সাইফুল ইসলাম ইউনিক বাসস্ট্যান্ড মুসলিম হোটেলের সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ফয়সাল ফিরোজকে হাতেনাতে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।