ঢাকার আশুলিয়ায় সড়কের পাশ থেকে মোঃ সুজন হাওলাদার (২৯) নামের এক অটোরিকশা চালকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১০ই আগস্ট) বিকেলে মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল হাই।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের পাশে মরাগাঙ নামক এলাকা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোঃ সুজন হাওলাদার (২৯) পটুয়াখালী সদরের কুড়িপাইকা গ্রামের আমির হাওলাদারের ছেলে। তিনি হাসনাবাদ সংলগ্ন কেরানীগঞ্জ এলাকায় থেকে অটোরিকশা চালাতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের পাশে মরাগাঙ নামক এলাকায় আশুলিয়া এক্সপ্রেসওয়ের ৮১ নম্বর পিলারের পাশেই এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা না গেলেও পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ঢাকা টিম ফিঙ্গারপ্রিন্ট ও আঙুলের ছাপ প্রযুক্তির মাধ্যমে লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও আশুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাই জানান, নিহতের গলায় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে সুজনকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।