ঢাকার আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৫২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত আশুলিয়ার গেরুয়া, ডেন্ডাবর এবং ঘোষবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার নসরতপুর এলাকার একরামুল হকের ছেলে রফিকুল ইসলাম (২৫), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কুয়াইতপুর এলাকার মৃত জমির মন্ডলের ছেলে মোঃ সোহেল (২৯), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার দেওতলা এলাকার মৃত আলাউদ্দিন তালুকদারের ছেলে মফিজ উদ্দিন ওরফে মহি তালুকদার (৪৮) এবং টাঙ্গাইল জেলার মধুপুর থানার বেতবাড়ী এলাকার আব্দুল হাইয়ের ছেলে মোঃ আয়নাল হক (৩১)। বর্তমানে রফিকুল ইসলাম ও সোহেল আশুলিয়ার শ্রীপুর কসাইপাড়া এলাকায় মজিদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার গেরুয়া দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম ও সোহেল নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের হেফাজত থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরপর বিকেল সাড়ে ৫টার দিকে পৃথক একটি আভিযানিক দল আশুলিয়ার ডেন্ডাবর ১০তলা রোড নামক এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মফিজ উদ্দিন ওরফে মহি তালুকদার নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এছাড়াও রাত পৌনে ১১টার দিকে আশুলিয়ার ঘোষবাগ কুন্ডলবাগ এলাকা থেকে পৃথক অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট মোঃ আয়নাল হক নামের আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।