মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এর মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরুর প্রাক্কালে দেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী সূর্যসন্তানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।
মন্ত্রিপরিষদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন সমন্বিতভাবে। মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া চলছে নিয়মিত। পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়।
এর আগে মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।