সৌদি আরবের নিরাপত্তা বাহিনী সারাদেশে পরিচালিত সপ্তাহব্যাপী অভিযানে ২১ হাজার ৩৩৯ জনকে গ্রেপ্তার করেছে। দেশটিতে অবৈধভাবে বসবাস, সীমান্ত অতিক্রম ও শ্রম আইনের লঙ্ঘনের বিরুদ্ধে এই এই অভিযান পরিচালিত হয়েছে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
৪ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত এই অভিযানে ১২ হাজার ৯৫৫ জনকে আবাসন আইন লঙ্ঘনের জন্য, ৪ হাজার ১৯৮ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের জন্য এবং ৪ হাজার ১৮৬ জনকে শ্রম বিধি ভঙ্গের দায়ে গ্রেপ্তার করা হয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৬৮৭ জনকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ২৫ হাজার ১৩৩ জন তাদের নিজ দেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে ভ্রমণ নথি সংগ্রহের প্রক্রিয়ায় আছে এবং ২ হাজার ৩৪৯ জন দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১ হাজার ৩১৪ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে— যাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেন থেকে, ৫৬ শতাংশ ইথিওপিয়া থেকে এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে বের হওয়ার সময় ২৫ জনকে আটক করা হয়েছে।
এছাড়া, অবৈধদের পরিবহন, আশ্রয় বা চাকরি দেওয়ার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মোট ৩২ হাজার ২৮০ জন প্রবাসী— ২৯ হাজার ১৫৫ জন পুরুষ ও ৩ হাজার ১২৫ জন নারী— আইনি প্রক্রিয়ায় আটক রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যে কেউ অবৈধভাবে বসবাসকারীদের সহযোগিতা বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারে। এই কাজে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
জনগণকে আহ্বান জানানো হয়েছে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করে এ ধরনের আইন ভঙ্গের তথ্য জানানোর জন্য।