কক্সবাজার টেকনাফের নাফ নদীর খড়ের দ্বীপে অভিযান চালিয়ে ৪টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানে কাউকে আটক করতে পারেনি উখিয়া ৬৪ বিজিবি।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এক সংবাদে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন।
এ সময় উদ্ধার করা হয়- ২টি জি-৩ রাইফেল, ১টি MA-1( Verient MK2), ১টি LM-16, ৮টি ম্যাগাজিন, ৫০৭ রাউন্ড গুলি, (১৯৯ রাউন্ড জি-৩, ১২০রাউন্ড MA-1 এবং ১৮৮ রাউন্ড LM-16)।
তিনি জানান, হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদী এলাকায় নদীপথে বিশেষ অভিযান পরিচালনার সময় খড়ের দ্বীপে সন্দেহজনক কজন লোকের উপস্থিত টের পায়। এ সময় বিজিবি সদস্যদের দেখে সন্ত্রাসী বা চোরাচালান কারবারিরা কয়েক রাউন্ড ফায়ার করে মিয়ানমারের অভ্যন্তরে নৌকাযোগে পালিয়ে যায়। পরে ওই এলাকায় গভীর অনুসন্ধানের মাধ্যমে নির্দিষ্ট স্থানে লুকানো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
তিনি জানান, চোরাচালান, মাদক বা অবৈধ অস্ত্র-কোনো কিছুই সীমান্তে প্রবেশ করতে দেওয়া হবে না। উদ্ধার অস্ত্রসমূহ সম্ভবত সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারি অথবা সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে আনা হয়েছে।
ধারণা করা হয়, এগুলো যে কোনো সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অস্ত্র চোরাচালান অথবা নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। গোয়েন্দা কার্যক্রম জোরদার করে অস্ত্রের উৎস ও ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আলী জানান, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী মিয়ানমার থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এ রকম অবৈধ অস্ত্র, গুলিসহ নানা কিছু দেশের অভ্যন্তরে প্রবেশ করাতে পারে। এ কারণে সীমান্তে অভিযান অব্যাহত রাখতে বিজিবির প্রতি অনুরোধ জানাচ্ছি। আজকের অভিযানের জন্য বিজিবিকে ধন্যবাদ।
এদিকে এ অস্ত্র ও গুলি উদ্ধারে বিজিবিকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, এ রকম অভিযান অব্যাহত থাকতে হবে। বিজিবি যদি ভবিষ্যতে এমন অভিযানে আমাদের সহযোগিতা চায় তাহলে স্থানীয়রা সহযোগিতা করবেন।