আবারও অভিনয় ছাড়ার খবর বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। বিশেষ করে মা হওয়ার পর থেকেই এমন খবর শোনা যাচ্ছে বলিপাড়ায়। এই অভিনেত্রীর হাতে থাকা সব সিনেমাই মুক্তি পেয়ে গেছে ২০২৪ সালে। ওই বছরের শেষের দিকে (সেপ্টেম্বরে) কন্যা দুয়ার জন্মের পর দীর্ঘ দিন অন্তরালেই ছিলেন দীপিকা। আবার সবকিছু ঠিকঠাক থাকার পরেও নানা শর্ত দিয়ে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির দ্বিতীয় পর্বের শুটিং থেকে বাদ পড়েন তিনি। এ বার শোনা যাচ্ছে আরও একটি ছবি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন দীপিকা।
বেশ কয়েক বছর ধরেই অপেক্ষায় ছিল বলিউড, ২০১৫-র হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক হবে। সেখানে মুখ্য চরিত্রাভিনেত্রী অ্যানি হাথওয়ের জায়গায় অভিনয় করার কথা ছিল দীপিকার। মূল ছবির কাহিনি অনুযায়ী চরিত্রটি এক উদ্যোক্তার। যে এক বর্ষীয়ান মানুষকে ‘ইন্টার্ন’ বা শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করে। এই শিক্ষানবিশের চরিত্রে প্রাথমিক ভাবে অভিনয় করার কথা ছিল ঋষি কপূরের। ২০২০ সালে তার মৃত্যুর পর সেই জায়গায় মনোনীত হন অমিতাভ বচ্চন। নানা কারণে এ ছবির কাজ পিছিয়ে যাচ্ছে ক্রমশ।
কিন্তু এবার নায়িকার চরিত্র থেকেই সরে দাঁড়ালেন দীপিকা। সূত্রের খবর, তিনি শুধুমাত্র প্রযোজক হিসেবেই কাজ করতে চাইছেন এ ছবিতে। অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্র দাবি করেছে, এবার দীপিকা অভিনয় থেকে দূরে থাকতে চাইছেন, যাতে তিনি প্রযোজক হিসাবে আরও সময় দিতে পারেন, সৃজন-পরিকল্পনা করতে পারেন নতুন করে। মুখ্য চরিত্রাভিনেত্রীর খোঁজ চলছে।’
অনেকের ধারণা বলিউডে নিজেকে অন্য ভূমিকায় দেখতে চাইছেন দীপিকা। তার পরিকল্পিত পাঁচটি কাজের প্রথমটিই ‘দ্য ইন্টার্ন’। সূত্রটি বলেছে, আগামী বছরে দীপিকা এমন গল্প শোনাতে চাইছেন যা সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে। তবে দীপিকাকে অবশ্য শাহরুখ খানের সঙ্গে অচিরেই দেখা মিলবে ‘কিং’ মুভিতে।