স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা

আগের সংবাদ

হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালাল কিশোরী

পরের সংবাদ

আ.লীগ নেতার গ্যারেজ থেকে ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :২:০৫ অপরাহ্ণ, ২৬/০৩/২৩

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতার গ্যারেজ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে বোয়ালমারী থানার পুলিশ।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে হারানো একটি মোটরসাইকেল খোঁজার সূত্র ধরে বোয়ালমারী উপজেলার ওই আওয়ামী লীগ নেতা মফিজ মোল্লার গ্যারেজ থেকে শনিবার (২৫ মার্চ) দুপুরে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত নারী সদস্য মনিরা বেগমের স্বামী।

বোয়ালমারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে এক ব্যক্তির মোটরসাইকেল হারিয়ে যায়। ওই ব্যক্তি জানতে পারেন তার মোটরসাইকেলটি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের একটি গ্যারেজে রয়েছে। পরে তিনি বিষয়টি বোয়ালমারী থানা পুলিশকে জানালে পুলিশ ওই ব্যক্তির মোটরসাইকেলসহ চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।

পুলিশ জানায়, ওই মোটরসাইকেল চারটি হিরো হোন্ডা, হাংক, ফেজার ও সুজুকি ব্যান্ডের।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা মফিজ মোল্লার মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীকুল মীরদাহ বলেন, মফিজ মোল্লার ভাইয়েরা মোটরসাইকেল চোরাই চক্রের সঙ্গে জড়িত। তারা মোটরসাইকেল চুরি করে। আর মফিজ ওই মোটরসাইকেল বিক্রির ব্যাপারে সাহায্য করেন। মফিজ মোল্লা ও তার ভাইদের বিরুদ্ধে এ অভিযোগ অনেক দিনের। এর আগেও পুলিশের হাতে তারা গ্রেপ্তার হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহাব বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় ওই আওয়ামী লীগ নেতার চাচাতো ভাই সোহেল ও তার সঙ্গীরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের সর্বশেষ