নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:
ক্লাবের শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকা জেলার আশুলিয়া প্রেসক্লাবের দুই সদস্যকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫শে জুলাই) সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ সংক্রান্ত একটি নোটিশ প্রেসক্লাবের নোটিশবোর্ডে টানিয়ে দিয়েছে প্রেসক্লাবের বর্তমান কার্য্যনির্বাহী কমিঠি।
বহিষ্কার প্রাপ্তরা হলেন– আশুলিয়া প্রেসক্লাবের সাবেক পরিচালনা কমিটির সহ–সভাপতি বাবুল আহম্মেদ এবং সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈম সরকার।
এ বিষয়ে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল্লাহ মুন্সী বলেন, বহিষ্কৃত দুইজন দীর্ঘদিন যাবৎ ব্যাক্তি স্বার্থে আশুলিয়া প্রেসক্লাবকে ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম করে আসছিল; যা আশুলিয়া প্রেসক্লাব তথা সাংবাদিক পেশাকে কলুসিত করছে। তাদের বিরুদ্ধে এসব অভিযোগ পাওয়ার পর তাদেরকে মৌখিক ও লিখিতভাবে সতর্ক করে দেয়া হয়। কিন্তু তারপরও তারা সংশোধন না হওয়ায় গত বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি আরো বলেন, আশুলিয়া প্রেসক্লাবের কোন সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগসহ গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহন করবে কমিটি।
উল্লেখ্য যে, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক সাঈম সরকার (স্বপন) এর বিরুদ্ধে সিগারেট ছিনতাই ও চাঁদাবাজীর অভিযোগে মামলা দায়ের করেছে মোঃ মকিম সিকদার নামের এক সিগারেট ব্যবসায়ী।
মামলার এজাহার সূত্রে জানা যায়- গত ১০/০৪/২০১৯ ইং তারিখে মোঃ মকিম সিকদার আশুলিয়ার পলাশবাড়ি এলাকার একটি কক্ষে গুদামজাত করা বিভিন্ন কোম্পানীর সিগারেট রিক্সায় করে দোকানে নেওয়ার সময় বগাবাড়ি এলাকায় পৌছালে মামলার আসামীগণ রিক্সার গতীরোধ করে। পরে বিবাধীগণ নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে সিগারেটের ক্রয়কৃত রশিদ দেখাতে বলে, রশিদ দেখাতে না পরলে বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে বাদীকে ১০ হাজার টাকা দিতে বলে। পরে বাদী তাদেরকে ১০ হাজার টাকা নগদ প্রদান করেন। এর পরেও মামলার এজাহারভুক্ত আসামীগণ বাদীর সিগারেট নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ৮৩হাজার টাকা।
এই মামলার পর আশুলিয়া প্রেসক্লাব এক তদন্ত কমিটির গঠন করে, যেই কমিটি সাঈম সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণ পায়।