সাভারের হেমায়েতপুরে দুর্ঘটনাবশত নিজের কর্মরত বাসের চাকায় পিষ্ট হয়ে ওবায়দুল্লাহ (২৮) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।
বুধবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়দুল্লাহ (২৮) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ভেলামারি গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি সাভারে বসবাস করে রাজধানী পরিবহনের বাসের হেলপার হিসেবে কাজ করতেন বলে জানা যায়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, বিকেলে রাজধানী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় হেমায়েতপুর বাসস্ট্যান্ডে যাত্রী উঠানামা শেষে বাসটিতে উঠতে গিয়ে দুর্ঘটনাবশত পা পিছলে পড়ে ওই বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। এঘটনায় বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।
মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।