বকেয়া ও শতভাগ বেতনের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন আশুলিয়ার তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা। এর মধ্যে একটি কারখানার শ্রমিকদের লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যাশন নিটওয়্যারের শ্রমিকেরা এপ্রিল মাসের শতভাগ বেতন অথবা সরকার ঘোষিত ৬৫ শতাংশ বেতনের সঙ্গে অতিরিক্ত ২ হাজার ৫০০ করে দাবি করেন। কর্তৃপক্ষ তাঁদের দাবি পূরণে রাজি না হওয়ায় শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান করেন।
এদিকে জামগড়া এলাকার পোশাক নিটওয়্যারের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে গতকাল সকাল নয়টার দিকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। মঙ্গলবার তাঁদের বেতন দেওয়ার কথা ছিল।
পোশাক নিটওয়্যারের শ্রমিকেরা অভিযোগ করেন, বেতন-ভাতা পরিশোধ না করে তাঁদের কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর পর থেকে বেতন দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের নানাভাবে ঘোরানো হচ্ছে। মালিক পক্ষের সঙ্গে কথা বলে শিল্প পুলিশ মঙ্গলবার তাঁদের বেতন দেওয়ার আশ্বাস দিয়েছিল। এ সময় মালিক বা শিল্প পুলিশের কাউকে না পেয়ে তাঁরা বিক্ষোভ করেন।
গতকাল বাগবাড়ি এলাকার সাদ নিটওয়্যার নামের কারখানার শ্রমিকেরা সকাল ১০টার দিকে শতভাগ বেতনের দাবিতে কাজ না করে কারখানা থেকে বের হয়ে চলে যায়।
ওই কারখানার কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, কারখানা থেকে বাইরে আসার সময় কতিপয় ব্যক্তি কয়েকজন শ্রমিককে লাঞ্ছিত করেছেন।
এ বিষয়ে শিল্প পুলিশের এক কর্মকর্তা বলেন, শতভাগ বেতনের দাবিতে দুইটি কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গবার আন্দোলন করেছেন। এব্যাপারে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের কাজে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।