ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করা হয়।
শনিবার (১৩ জুন) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে শনিবার ভোররাতে সাভার আমিনবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দরুইন এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে মোঃ রাজিব মিয়া ওরফে রাজু (২৩), একই জেলার কসবা থানার গুপিনাথপুর এলাকার মোঃ নাসির মিয়ার ছেলে রাকিব মিয়া (২২) এবং একই থানার জেঠুয়ামুড়া এলাকার মোঃ জালাল মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (৩২)।
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি আভিযানিক দল শনিবার রাত ২টা ১৫ মিনিটের দিকে সাভারের আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিলভার কালারের হায়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-১০২৪) তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি মডিফাই করে বিশেষ কায়দায় আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদক পাচার করে আসছিল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজিব মিয়া ওরফে রাজুর বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ ৫টি এবং জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য ৫টি মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।