কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে - টুকু

আগের সংবাদ

গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পরের সংবাদ

গাড়ি পানিতে পড়ে গেলে বের হবেন কীভাবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:১২ অপরাহ্ণ, ০৯/০৮/২৫

বাংলাদেশে রোজ কমবেশি সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে বহু মানুষ মারা যাচ্ছে। বিশেষ করে বাস-মাইক্রোবাস পানিতে পড়ে ডুবে মারা যাওয়ার ঘটনা অনেক।

গাড়ি যদি দুর্ঘটনাক্রমে পানিতে পড়েই যায়, আর যাত্রীর আসনে যদি আপনি নিজেই থাকেন তাহলে? এভাবে যানবাহন পানিতে পড়ে মারা যাওয়া থেকে কি কোনো উপায় নেই। পানিতে ডুবে মৃত্যুর জন্য অপেক্ষা না করে কিছু কি করার আছে একজন যাত্রীর? নিশ্চয়ই আছে।

এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক আরমানা সাবিহা হক বলেছেন, সাধারণত এ ধরনের দুর্ঘটনায় মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। আর সে কারণে বাঁচার উপায় সম্পর্কে যুক্তিসংগত চিন্তা করতে পারেন না কেউ কেউ।

তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনায় প্রথমেই মনে রাখতে হবে যে, আপনার হাতে সময় খুব কম, যে সময় আছে সে টুকুর সর্বোচ্চ ব্যবহার করার কথা ভাবতে হবে। এ বিষয়ে অধ্যাপক আরমানা সাবিহা হক এ ধরনের দুর্ঘটনায় কয়েকটি করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন। নিচে তা বর্ণনা করা হলো—

১. প্রথমেই আতঙ্কিত হওয়া যাবে না। স্বাভাবিক থাকার চেষ্টা করুন এবং শান্ত থাকুন।

২. পানিতে গাড়ি ডুবে যাচ্ছে। খুবই বিপজ্জনক পরিস্থিতি। সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ করুন। কারণ আপনার হাতে মাত্র ৩০ থেকে ১২০ সেকেন্ড সময় আছে। এর মধ্যেই দ্রুত করণীয় ঠিক করে ফেলুন। গাড়ি থেকে বের হওয়ার আগে সাহায্য চেয়ে ফোন দেওয়ার দরকার নেই। কারণ দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিক সাহায্য এসে পৌঁছানোর সময় একেবারেই নেই। বরং আপনার মূল্যবান সময় নষ্ট হবে।

৩. দ্রুত সিটবেল্ট খুলে ফেলুন। বাস কিংবা অন্য কোনো যানবাহন থাকলে যেখানে সিটবেল্ট নেই, সেখানে প্রথমেই জানালা খুলে ফেলার চেষ্টা করুন।

৪. গাড়ি পানিতে ডুবে গেলে প্রথমেই গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে লকড হয়ে যায়। চেষ্টা করুন গাড়ি আনলক করে দ্রুত বেরিয়ে যাওয়ার। দরজা খুলতে না পারলে জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করুন।

৫. গাড়ির কাচ নামাতে না পারলে জানালা ভেঙে ফেলুন। সাধারণত গাড়ির কাচ খুব মজবুত হয়। হালকা কিছুর আঘাতে সেটি ভাঙবে না। চালকের আসনের পাশের আসনটির হেডরেষ্টের সঙ্গে ইস্পাতের একটি ছোট রড থাকে, যা গ্লাস-ব্রেকিং হ্যামার নামে পরিচিত, সেটি দিয়ে গাড়ির কাচ ভাঙা যায়। সেটি খুঁজে না পেলে হাতের কাছে শক্ত কোনো কিছু দিয়ে কাচ ভাঙার চেষ্টা করুন। কিছু না পেলে লাথি দিয়েও চেষ্টা করে দেখুন।

৬. পানিতে ডুবে গেলে চেষ্টা করবেন যেন কোনোভাবেই যেন নাক-মুখ দিয়ে পানি না ঢুকে। দম আটকে রেখে দ্রুত বের হওয়ার চেষ্টা করুন। সঙ্গে শিশু থাকলে তাদের আগে গাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করুন।

৭. জানালা বা দরজা যেখান দিয়েই বের হন, দ্রুত সাঁতরে ওপরে ওঠার চেষ্টা করুন। পানির বুদবুদ খেয়াল করুন। বুদবুদ দেখেই আপনি ওপরে যাওয়ার পথ বুঝতে পারবেন।

তথ্যসূত্র: বিবিসি বাংলা