লঙ্কানদের মাটিতে বাংলাদেশের সিরিজ জয়

আগের সংবাদ

আকিজ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির সুযোগ

পরের সংবাদ

আশুলিয়ায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১১:৩১ অপরাহ্ণ, ১৬/০৭/২৫

সাভারের আশুলিয়ায় ফুটপাতের দোকানে চাঁদাবাজির সময় হাতেনাতে ৭ জন চাঁদাবাজ সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও তার সহযোগীরাও রয়েছেন। পৃথক দুই মামলায় তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর এসব তথ্য জানান।

এর আগে আজ ভোরে ও মঙ্গলবার রাতে আশুলিয়ার আড়িয়াড়ার মোড় ও নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুরের হাইমচর থানার চরকৃষ্ণপুর গ্রামের আ. হাকিমের ছেলে মো. নাসির উদ্দিন (৩৩), নেত্রকোনার কেন্দুয়া থানার আমতলা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রাজিব (২৬), খুলনার রূপসা থানার আইচগাতী সাহাবাড়ী গ্রামের মৃত না রায়ন দে’র ছেলে বাবু শ্রী শংকর দে (৪৭), পাবনার আতাইকুল থানার চমরপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে হান্নান প্রামাণিক (৪২), নীলফামারীর জলঢাকা থানার তালুক গোলনা গ্রামের মৃত আলিয়ার রহমানের ছেলে মো. সুমন ইসলাম (১৯), সাভারের পাঁচবনগ্রাম গ্রামের আ. কাদেরের ছেলে মো. আল ইসলাম (২২) ও নরসিংদীর সদরের পাঁচদোনা নেহামো গ্রামের মো. মনির হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন বাবু (২১)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজের নিচে রাস্তার পাশে থাকা ফলের দোকানে চাঁদা আদায় করতে আসে একদল যুবক। তারা চাকু ও খুরসহ দেশীয় অস্ত্র প্রদর্শন করে ফল বিক্রেতা মো. রাসেল হোসেনকে ভয়ভীতি দেখায় এবং ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে রাসেলের পকেট থেকে জোরপূর্বক ৭ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

অন্যদিকে একটি চাঁদাবাজির মামলায় আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার মৃত আহসান উল্লাহ ভাসানীর ছেলে ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হালিম বাবুকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া রবিউল আউয়াল (১৯) ও মো. আব্দুল আউয়াল বাবলু (২২) নামের আরও দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল মোহাম্মদ আলী আকবর হোসেন নামের এক ইলেকট্রিক কন্ট্রাক্টরকে কৌশলে জঙ্গলে নিয়ে গিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ৮ হাজার টাকা মুক্তিপণ আদায়ের মামলায় স্বেচ্ছাসেবক দলের ঢাকা জেলা কমিটির সদস্য মো. হালিম বাবু ওরফে দয়ালকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর জানান, গত ২৪ ঘণ্টায় আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।